গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার
গোয়াইনঘাট সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ৪:২৮ অপরাহ্ণসিলেটের গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে মাওলানা আলাউদ্দিন (৪০) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি ওই মসজিদে ইমাম ও খতিব এর দায়িত্বে ছিলেন।
নিহত আলাউদ্দিনের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে বাসিন্দা।
জানা যায়, গত ৮ মাস থেকে মাওলানা আলাউদ্দিন উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামেমসজিদ (বড়) মসজিদে ইমামতি করে আসছেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মক্তবের শিশুদের ছুটি দেন তিনি। মক্তবের দুই শিশু তার খাবার নিয়ে আসলে খাবার রেখে শিশুদের চলে যাওয়ার কথা বলে মসজিদের পুকুরে গোসল করতে নামেন তিনি।
পরে মসজিদের পুকুর ঘাটে তার কাপড় দেখে পরবর্তীতে মসজিদের পুকুরে গোসল করতে আসা মানুষেরা ইমামকে খোজাখুজি করে কোথাও পাননি। এ সময় পুকাশ জামে মসজিদ (বড়) পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সেলিম আহমদ সেখানে উপস্থিত হয়ে মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের ইমাম আলাউদ্দিনের মৃতদেহ মসজিদের পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করেছেন।
পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সিলেটসংবাদ/হান্নান






