লাক্কাতুরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ৫:০৪ অপরাহ্ণসিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে আতাউর রহমান (৩৮) নামে এক যুবকের।
সোমবার (৩১ জুলাই) সকালে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত আতাউর রহমান কিশোরগঞ্জ জেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। বর্তমানে নগরীর তিনি কুয়ারপার এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সকালে লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে একজন আহত অবস্থায় পরে আছে এমন খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, আতাউর রহমানের শরীরের দুইটি আঘাত গুরুতর, ধারণা করা হচ্ছে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে।
মঈন উদ্দিন শিপন আরও বলেন, বর্তমানে তার মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান এ কর্মকর্তা।
সিলেটসংবাদ/হান্নান






