আতাগাছে ঝুলে ছিল নববধূর লাশ
সিকডে
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
ময়মনসিংহের মুক্তাগাছায় বাড়ির পাশে আতাগাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো তহমিনা (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাঁশাটি ইউনিয়নের চেরুমণ্ডল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তহমিনা জামালপুর সদর উপজেলার শৈলাকান্দা গ্রামের জুয়েল মিয়ার মেয়ে। নিহতের পিতার অভিযোগ, বিয়ের মেহেদী না শুকাতেই শাশুড়ি ও ননদের নির্যাতনে মৃত্যু হয়েছে তহমিনার।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার চেরুমণ্ডল এলাকার নাছিমের ছেলে ছোয়াদ আলীর পূর্বে একটি বিয়ে হয়েছিল কিন্তু পূর্বের বিয়ের বিষয়টি গোপন রেখে তিন মাস আগে ছোয়াদের সঙ্গে তহমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি বিন্দু বেগম বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। বিষয়টি মাঝে মধ্যেই মোবাইল ফোনে তার মাকে জানাতো তহমিনা। মঙ্গলবার রাতে নববধূর সঙ্গে শাশুড়ির কথা কাটাকাটি হয়; সেই কথা ফোনে তার পরিবারকে জানান তহমিনা। পরিবার থেকে রাত ৮টার পর তহমিনার শ্বশুরবাড়িতে যোগাযোগের চেষ্টা করেও কাউকেই পাওয়া যায়নি। পরে বুধবার ছোয়াদের এক প্রতিবেশীর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে তহমিনা মারা গেছে।
এ প্রসঙ্গে নিহতের পিতা জুয়েল মিয়া জানান, বিয়ের পর থেকেই বিভিন্নভাবে নির্যাতন করত ওর শ্বশুরবাড়ির লোকজন। বুধবার সকালে প্রতিবেশীর একটি ফোন আসে আমার মেয়ে মারা গেছে। আমার মেয়ে আত্মহত্যা করার মতো মেয়ে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার মেয়ে হত্যার বিচার চাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে নিহতের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদকে বাড়িতে পাওয়া যায়নি। এমনকি তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। প্রতিবেশীদের ভাষ্য, ঘটনার পর সবাই পালিয়েছে।
মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাদেশ/আবির





