হাওর রক্ষা বাঁধে দুর্নীতির অভিযোগ, দিরাইয়ে গণ-সমাবেশ
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
দিরাই-এ হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন-এর দিরাই উপজেলা আহ্বায়ক কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের দিরাই উপজেলা যুগ্ম আহ্বায়ক মোস্তাহার মিয়া মোস্তাক এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সদস্য সচিব উবাইদুল হক।
সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন হাওর এলাকা থেকে আগত কৃষক শাজাহান চৌধুরী, ইমদাদ সরদার, কাজী নুরুল আজীজ চৌধুরী ও শাজাহান মাহমুদ হেলালসহ আরও অনেকে। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি ওবায়দুল মুন্সী, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান, দপ্তর সম্পাদক আফজাল হোসেন ও সদস্য মতিউর রহমানসহ উপজেলা কমিটির নেতারা।
বক্তারা অভিযোগ করেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ ও অব্যবস্থাপনার কারণে অনেক বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে দাবি করেন তারা।
তারা আরও বলেন, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বক্তাদের মতে, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের ফলে সুনামগঞ্জ জেলায় হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন এবং ফসল রক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সমাবেশ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়মে জড়িতদের অপসারণের দাবি জানানো হয়।
এম এইচ আ




