জ্বালানির কারণে শিল্প উৎপাদন কমবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর বলেছেন, জ্বালানির কারণে দেশের শিল্প উৎপাদন কমার কোনো সুযোগ নেই। গ্যাসনির্ভর শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত রেখেই উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শুক্রবার বিকেলে সিলেট নগরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে বিভিন্ন দেশে ভোগ কমে যাওয়ায় রপ্তানি হ্রাস পেয়েছে। তবে এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, প্রতিদ্বন্দ্বী অন্যান্য দেশেও একই চিত্র দেখা যাচ্ছে। “এটি একটি বৈশ্বিক বাস্তবতা, আলাদা কোনো বিষয় নয়,” বলেন তিনি।
জাপানের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশটির সঙ্গে একটি যৌথ অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সংসদে অনুমোদনের পর তা কার্যকর হবে। এর ফলে ভবিষ্যতে জাপানি বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তুতি চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এলডিসি উত্তরণের পরও আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের প্রবেশাধিকারে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব দেশে পড়বে। “উৎসে দাম বাড়লে এখানেও তার প্রতিফলন হবে,” বলেন তিনি।
জ্বালানি সংকট নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “আতঙ্ক একটি সংক্রামক রোগ। এর কোনো প্রয়োজন নেই।” তবে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।
সন্ধ্যা ৬টার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, পিক আওয়ারে বিদ্যুৎ সাশ্রয় করা গেলে অতিরিক্ত ব্যয় কমানো সম্ভব। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সরকার কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
এম এইচ আ




