যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধের দাবিতে তাহিরপুরে মানববন্ধন
সিকডে
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও এলাকায় অবস্থিত এশিয়ার বৃহত্তম শিমুল বাগান ও যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় যাদুকাটা নদীর তীরবর্তী মানিগাঁও এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে পরিবেশবাদী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীতীরে ভাঙন দেখা দিয়েছে। ফলে দেশের বৃহত্তম শিমুল বাগানসহ আশপাশের এলাকার বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। প্রতি বছর শিমুল ফুল ফোটার মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এ বাগান দেখতে আসেন। এটি তাহিরপুর উপজেলাকে দেশ-বিদেশে পরিচিত করেছে। এভাবে রাতের আঁধারে পাড় কাটতে থাকলে একসময় এ ঐতিহ্য বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে যুবদল নেতা আক্তার হোসেন বলেন, একটি মহল পরিকল্পিতভাবে শিমুল বাগান ধ্বংসের পাঁয়তারা করছে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। অন্যথায় জনগণ কঠোর অবস্থান নিতে বাধ্য হবে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হাবিবুর রহমান বলেন, শিমুল বাগান রক্ষা করা এখন এলাকাবাসীর প্রাণের দাবি। জেলা ও উপজেলা প্রশাসনের কাছে যাদুকাটা নদীর তীরে কঠোর নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার বলেন, একটি মহল ইজারা বহির্ভূত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শিমুল বাগানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ জয়নাল আবেদীনের বড় ছেলে রাখাব উদ্দিন বলেন, তাঁর বাবা বৃক্ষপ্রেমী ছিলেন বলেই এ বাগানটি গড়ে তুলেছিলেন। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে এবং তাহিরপুরকে বিশ্বদরবারে পরিচিত করেছে। পাড় কাটা বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
মানববন্ধনে উপজেলার পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সিলেট সংবাদ/আবির




