ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ ও বিশ্বের নিন্দা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
গাজায় ইসরায়েল কর্তৃক নিহত পাঁচ আল জাজিরা সাংবাদিকের জানাজায় অংশ নিয়েছেন ফিলিস্তিনিরা। এদিকে এ হত্যাকাণ্ডে আন্তর্জাতিক নিন্দা অব্যাহত রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন, চীন এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে, অন্যদিকে জাতিসংঘ এই হামলাকে ‘আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে।
রবিবার ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হন, যার মধ্যে প্রতিবেদক আনাস আল-শরীফও ছিলেন। এছাড়া একজন ফ্রিল্যান্স সাংবাদিকসহ আরও দু’জন নিহত হয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইচ্ছাকৃতভাবে শরীফকে লক্ষ্যবস্তু করেছে, কারণ তিনি নাকি হামাসের একটি সন্ত্রাসী সেলের প্রধান ছিলেন। তবে শরীফ এ অভিযোগ অস্বীকার করেছিলেন এবং ইসরায়েলও খুব সামান্য প্রমাণ উপস্থাপন করেছে।
বিবিসির তথ্যমতে, বর্তমান সংঘাত শুরুর আগে শরীফ গাজায় হামাসের একটি গণমাধ্যম দলের সঙ্গে কিছু কাজ করেছিলেন। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ওই সাংবাদিককে হামাসের সমালোচনা করতেও শোনা গেছে।
মিডিয়া অধিকার সংরক্ষণকারী সংস্থা ও কাতারসহ কয়েকটি দেশ এ হামলার নিন্দা জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্য সরকার এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্টারমারের সরকারি মুখপাত্র বলেন, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে সাংবাদিকরা নিরাপদে কাজ করতে এবং ভয় ছাড়াই প্রতিবেদন করতে পারেন।





