দুই সিটিতে বিএনপির সমাবেশ
সিকডে
প্রকাশিত হয়েছে : 18 August 2023, 5:47 PMআওয়ামী লীগ সরকারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানীতে গণমিছিল করছে বিএনপি। মিছিল শুরুর আগে ঢাকার দুই সিটিতে সংক্ষিপ্ত সমাবেশ করছে দলটি।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেল তিনটার পর এ সমাবেশ শুরু হয়।
এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশটি হচ্ছে দয়াগঞ্জে। এতে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সেখান থেকে গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বাসাবো বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও এসে শেষ হবে।
এই সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।
অপরদিকে ঢাকা মহানগর উত্তরের গণমিছিলের আগে গুলশান-১ নম্বরে সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এর আগে গণমিছিলে যোগ দিতে জুমার নামাজের পর থেকে নেতাকর্মীরা সমবেত হওয়া শুরু করেন। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের সদস্যরা ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন। এসময় খালেদা জিয়ার মুক্তিসহ নানা স্লোগান দেন তারা। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
রাজনীতি/হান্নান





