‘বিএনপি সন্ত্রাসী দল, তারা সন্ত্রাস ছাড়া আর কিছু বোঝেনা’
সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ২:৪৮ অপরাহ্ণবিএনপি একটি সন্ত্রাসী দল তারা সন্ত্রাস ছাড়া আর কিছু বোঝেনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি আখাউড়া-লাকসাম রেল সেকশনের ডাবললাইন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী দল। তারা সন্ত্রাস ছাড়া আর কিছু বোঝেনা। বিএনপিকে কোনো কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে না তবে আবার যদি তারা মানুষের ক্ষতি করে তাহলে সকলের শাস্তি নিশ্চিত করা হবে।
সরকারপ্রধান বলেন, বিএনপি ক্ষমতায় এসে অলাভজনক বলে বিশ্বব্যাংকের পরামর্শে রেল বন্ধের পদক্ষেপ নিয়েছিল। আর আওয়ামী লীগ সরকারে এসে রেলের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেয়।
প্রধানমন্ত্রী জানান, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন চালুর মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রেলপথে নতুন যুগের সূচনা হলো। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আর কোনো ট্রেনকে ক্রসিংয়ে পড়তে হবে না। কমে আসবে ট্রেনযাত্রার সময়।
আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ হওয়ায় ৩২১ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম রেলপথের পুরো অংশ ডাবল লাইনে উন্নীত হলো।
ডুয়েল গেজ হওয়ায় এ পথে এখন মিটার গেজ ও ব্রড গেজ এ দুই ধরনের ট্রেনই চলাচল করতে পারবে।
রাজনীতি/হান্নান





