সিলেটি বিয়ের গানে ঈদ মাতাবেন আফরিন ও আলো দেবি
সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে এবার ঈদে নতুন একটি সিলেটি বিয়ের গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আফরিন ও আলো দেবি।
“বাটাতে পান সাজাই রাখছি বন্ধু তুমার লাগিয়া” শিরোনামের এই গানটি ঈদের আগের দিন শিল্পী আফরিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
গানটির কথা ও সুর করেছেন কণ্ঠশিল্পী আফরিন নিজেই। মিউজিক কম্পোজিশন করেছেন সংগীত পরিচালক আজিজ মোহাম্মদ।
বিয়ের আনন্দঘন পরিবেশ ও সিলেটি আঞ্চলিক ভাষার মাধুর্যকে তুলে ধরতেই গানটি নির্মাণ করা হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন আফরিন ও আলো দেবি।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে সিলেট অঞ্চল বিয়ের গান ও লোকসংগীতের জন্য বিশেষভাবে পরিচিত। বিয়ের নানা আচার-অনুষ্ঠানে গাওয়া সিলেটি বিয়ের গানগুলো মানুষের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ তৈরি করে। সেই ঐতিহ্যকে সামনে রেখেই নতুন এই গানটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আফরিন।
গানটির ভিডিওচিত্র ইতোমধ্যে ধারণ করা হয়েছে। সিলেটের শাহপরান এলাকার একটি মনোরম রিসোর্টে গানের শুটিং সম্পন্ন হয়। ভিডিওটিতে সিলেটি বিয়ের উৎসবমুখর পরিবেশ, সাজসজ্জা ও লোকজ সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে।
শিল্পী আফরিন জানান, সিলেটি বিয়ের গানের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। সেই ভালোবাসা থেকেই এই গানটি তৈরি করা হয়েছে। ঈদের আনন্দের সময় গানটি প্রকাশ পেলে দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিল্পী আলো দেবি বলেন, সিলেটি বিয়েতে বিয়ের গান ছাড়া যেন পূর্নতা পায় না,আমি আশা করি এই গানটি বিয়ের গানের জগতে নতুন মাত্রা যোগ করবে।

সঙ্গীত পরিচালক আজিজ মোহাম্মদ বলেন, আমি অনেক ব্যস্ত থাকা সত্বেও এই গানটি কম্পোজ করেছি। গানটির কথা ও সুর আমাকে মুগ্ধ করেছে,আমি আশাবাদী গানটি অনেক জনপ্রিয়তা পাবে।
ঈদ উপলক্ষে প্রকাশিত এই গানটি সিলেটি গানপ্রেমীদের মাঝে নতুন মাত্রা যোগ করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন সঙ্গীত বোদ্ধারা।




