ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
সিলেট নগরীতে এক ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার অপু নামের ওই ব্যবসায়ী ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন। তিনি শেখপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমারগাঁও বাসস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত অপু ও তাঁর চাচাতো ভাইকে ঘিরে ধরে। এ সময় হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা তাঁদের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বাধ্য করে। প্রাণভয়ে তাঁরা নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইকারীদের দিয়ে দেন। পরে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।
জালালাবাদ থানার পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেট এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর নয় দিন পর ৫ মার্চ নগরীর সাগরদিঘীর পাড় এলাকায় এক কলেজছাত্রী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
সিলেট সংবাদ/আবির

