সিলেটে চার নারীকে ভারতে পাচার, দুইজন গ্রেপ্তার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
সিলেট সীমান্ত দিয়ে চার নারীকে ভারতে পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শনিবার ভোরে গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন গোয়াইনঘাট উপজেলার খাসিয়া খাওড় গ্রামের আমজাদ হোসেনের ছেলে আলমগীর (২৫) এবং একই গ্রামের মৃত রূপ মিয়ার ছেলে আবদুল হান্নান (২৯)।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি মানবপাচারকারী চক্র চার নারীকে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাঠায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁদের আটক করে।
গত বছরের ১৩ অক্টোবর সকালে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক নারীদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি–এর কাছে হস্তান্তর করে। পরে ভুক্তভোগী এক নারী গোয়াইনঘাট থানায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করেন।
র্যাব জানায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী এলাকার এক নারী গার্মেন্টসে কাজের জন্য ঢাকায় এলে এক অজ্ঞাত নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই নারী তাঁকে ভারতে ভালো কাজের প্রস্তাব দেন। পরে গত বছরের ১১ অক্টোবর তাঁকে সিলেটে নিয়ে আসা হয়।
পরে পাচারকারী চক্রের এক সদস্য একটি ব্যক্তিগত গাড়িতে করে তাঁকে জাফলং এলাকায় নিয়ে যান। সেখানে আরও কয়েকজনের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেওয়া হয়। তাঁকে জানানো হয়, তাঁদের মাধ্যমে অনেকেই ভারতে গিয়ে ভালো কোম্পানিতে কাজ পেয়েছেন। পাসপোর্ট বা ভিসা ছাড়াই ভারতে পাঠানো সম্ভব বলেও আশ্বাস দেওয়া হয়।
এরপর ওই নারীসহ চারজনকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানো হয়। তবে পরদিন রাতে ভারতীয় বিএসএফ তাঁদের আটক করে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট সংবাদ/আবির

