পিতাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেফতার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে লছমুন রিকমুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এসব তথ্য নিশ্চিত করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো ছুরি দিয়ে বাবার পেটে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় লছমুন রিকমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা বিষ্ণু প্রসাদ রিকমুনকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।




