ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে চাঁদ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
আমাদের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ ধীরে ধীরে সংকুচিত বা ছোট হয়ে যাচ্ছে। শুনতে অবাক লাগলেও নতুন এক গবেষণা ফলাফলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের সেন্টার ফর আর্থ অ্যান্ড প্ল্যানেটারি স্টাডিজের বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের বুকে এক হাজারের বেশি নতুন ফাটলের সন্ধান পাওয়া গেছে, যা এতদিন অজানা ছিল। বিশেষজ্ঞদের মতে, এটি প্রমাণ করে যে চাঁদ ক্রমাগত সংকুচিত হচ্ছে। এর ফলে ধীরে ধীরে চাঁদের আকারও পরিবর্তন হয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের সেন্টার ফর আর্থ অ্যান্ড প্ল্যানেটারি স্টাডিজের গবেষকরা জানান, চাঁদের ভেতরের অংশ ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। ভেতর ঠান্ডা হলে বাইরের অংশ সঙ্কুচিত হয়। ঠিক যেমন গরম লোহা ঠান্ডা হলে ছোট হয়ে যায়। চাঁদের ক্ষেত্রেও তেমনটি ঘটছে।
এই সংকোচনের ফলে চাঁদের মাটিতে চাপ তৈরি হয়। তখন এক অংশ অন্য অংশের ওপর উঠে যায়। এতে পাহাড়ের মতো উঁচু শৈলশিরা তৈরি হয়। একে বলা হয় লোবেট স্কার্পস। আগে এসব গঠন চাঁদের উচ্চভূমিতে দেখা গেছে। তবে এবার প্রথমবারের মতো চাঁদের অন্ধকার সমতল অঞ্চল, যাকে লুনার মারিয়া বলা হয়, সেখানেও একই ধরনের ফাটল ধরা পড়েছে। এসব নতুন ফাটলের নাম দেওয়া হয়েছে স্মল মেয়ার রিজ।
গবেষণায় মোট ১ হাজার ১১৪টি নতুন ফাটল চিহ্নিত হয়েছে। এখন চাঁদে এ ধরনের ফাটলের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৪। বিজ্ঞানীদের ধারণা, গড়ে এসব ফাটলের বয়স প্রায় ১২ কোটি ৪০ লাখ বছর।
এ বিষয়ে বিজ্ঞানী কোল নাইপাভার বলেন, ‘চন্দ্রবিজ্ঞান ও অন্বেষণের জন্য আমরা এখন অত্যন্ত রোমাঞ্চকর এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের আসন্ন আর্টেমিস মিশনের মতো কর্মসূচি চাঁদ সম্প’র্কে প্রচুর নতুন তথ্য দেবে। চাঁদের টেকটোনিক কাঠামো ও ভূমিকম্পের কার্যকলাপ সম্পর্কে স্বচ্ছ ধারণা বর্তমান ও ভবিষ্যতের মিশনগুলোর সুরক্ষা এবং বৈজ্ঞানিক সাফল্য নিশ্চিত করতে সরাসরি সহায়তা করবে।
আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে যেসব নভোচারী চাঁদে অনুসন্ধান চালাবেন বা সেখানে বসবাস করবেন, তাঁরা বিধ্বংসী চন্দ্রকম্প বা ভূমিকম্পের ঝুঁকিতে পড়তে পারেন।
সূত্র: ডেইলি মেইল




