গাজীপুরে এক রাতে তিনটি বাসে অগ্নিসংযোগ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
গাজীপুরে এক রাতে তিনটি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মহানগরীর ভোগড়া, চক্রবর্তী ও শ্রীপুর এলাকায় গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসন থানার ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে মধ্যরাতে পার্ক করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে ভোগড়া ও শ্রীপুর এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনার সময় একজন মিস্ত্রি বাসের নিচে মেরামতের কাজ করছিলেন। তখন একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।





