সিলেট টাইটান্সে মিরাজ-নাসুম
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও স্পিনার নাসুম আহমেদ। তবে আসন্ন মৌসুমে এই দুই জাতীয় দলের ক্রিকেটারকে দেখা যাবে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স–এর হয়ে খেলতে।
ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে মিরাজ ও নাসুমকে দলে নিয়েছে সিলেট টাইটান্স। বিষয়টি নিশ্চিত করেছে দলটির বিশ্বস্ত একটি সূত্র। খবরটি প্রকাশ করেছে ক্রিকফ্রেঞ্জি।
বিপিএলের গত তিন আসরে অংশ নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা নবায়নের আগ্রহ দেখায়নি তারা। এর ফলে নতুন মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি, যারা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের সঙ্গে কাজ করছে।
গত মাসে বিসিবি যখন নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করে, তখন আবেদন করে প্রতিষ্ঠানটি। প্রাথমিক যাচাই–বাছাই, আর্থিক স্বচ্ছতা ও সক্ষমতার ভিত্তিতে ‘ক্রিকেট উইথ সামি’ সিলেটের মালিকানা পায়। নতুন পরিচয়ে দলটির নাম রাখা হয় সিলেট টাইটান্স।
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের খেলোয়াড় ড্রাফট। তবে তার আগেই মিরাজ ও নাসুমকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সিলেট টাইটান্স। জানা গেছে, দলের অধিনায়ক হিসেবে মিরাজকেই বিবেচনা করছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত আসরে খুলনার হয়ে ব্যাট হাতে ৩৩৫ রান ও বল হাতে ১৩ উইকেট নিয়েছিলেন মিরাজ, যা তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি এনে দেয়। অন্যদিকে নিয়মিত টি-টোয়েন্টি দলে থাকা নাসুম গত আসরেও নিয়েছিলেন ১৩ উইকেট।
ক্রীড়াঙ্গন/আবির





