জাপা চেয়ারম্যানের সঙ্গে পিটার হাসের ঘন্টাব্যাপী বৈঠক
সিকডে
প্রকাশিত হয়েছে : 14 August 2023, 8:02 PMজাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের উপনেতা জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার গুলশানের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ আগস্ট) বেলা ৩টার দিকে বৈঠক শুরু হয়ে ৪টা পর্যন্ত স্থায়ী হয়। ঘণ্টাব্যাপী এই বৈঠকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকের বিষয়ে মাসরুর মাওলা বলেন, জাতীয় নির্বাচন অতিসন্নিকটে। নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কী চিন্তা-ভাবনা করছে, তা জানতে চেয়েছেন রাষ্ট্রদূত। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন নিয়ে জাতীয় পার্টি চিন্তা ভাবনা করছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আপাতত ৩০০ আসনে প্রার্থী দেয়ার চিন্তা রয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তার দেশ কাজ করছে। সবাই যাতে ভোট দিতে পারে সেই পরিবেশে নির্বাচন হওয়া উচিত।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর আর কোনো স্যাংশন দিচ্ছে কিনা- এমন প্রশ্নও ছিল পিটার হাসের কাছে। জবাবে তিনি বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নির্ধারণ করে। এ মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাবে না। মাসরুর মাওলা জানান- জাতীয় পার্টি আলাপ আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। এ বিষয়টি আমরা রাষ্ট্রদূতকে বলেছি।
রাজনীতি/হান্নান





