দুই কর্মসূচির অনুমতি পেয়েছে বিএনপি
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৩, ২:২৯ অপরাহ্ণআওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার (১৮ জুলাই) ও বুধবার (১৯ জুলাই) পদযাত্রা এবং ২২ জুলাই সমাবেশ করবে বিএনপি।
এই বিষয়ে রবিবার (১৬ জুলাই) মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, বিএনপি ঘোষিত আগামী ১৮ জুলাই পদযাত্রা কর্মসূচির রুট বদলানোর পরামর্শ দিয়েছে ডিএমপি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। এক দফার আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সে অনুযায়ী ওনাদের খুব একটা আপত্তি নেই। আমরা ওনাদের সহযোগিতা চেয়েছি, আশা করি ওনারা আমাদের সহযোগিতা করবেন।’
তিনি বলেন, ১৮ তারিখের রুট নিয়ে ওনাদের কিছু পরামর্শ ছিল। আমাদের দলের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমন্বয় করে নেব, খুব একটা সমস্যা হবে না। ২২ জুলাই বিএনপি অফিসের সামনে আমাদের তারুণ্যের সমাবেশ রয়েছে, আমরা এ ব্যাপারেও ওনাদের সহযোগিতা কামনা করেছি।
মাইকিং নিয়ে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ওনারা অনুরোধ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণা চালাতে। এতে কোনো আপত্তি নেই।
প্রসঙ্গত, গত ১২ জুলাই ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ জুলাই সকাল ১০টায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং ১৯ জুলাই সকাল ১০টায় উত্তরার আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।
রাজনীতি/হান্নান





