দোয়ারাবাজারে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩, ৬:০৪ অপরাহ্ণপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টি।
শুক্রবার (১৪ জুলাই) বাদ জুমআ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর চতুর্থ মৃত্যুবার্ষিকী দেয়ারাবাজারে পালিত হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টিও অঙ্গসংগঠন।
মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সভপতির বক্তব্যে কান্নায় ভেঙ্গে পড়েন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য,দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি ও সুনামগঞ্জ ৫-(ছাতক-দোয়ারাবাজার)আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম । এ সময়ে বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে প্রিয় নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।
এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, দেশে এখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। বিএনপি ক্ষমতায় যেতে এবং আ’লীগ ক্ষমতার চেয়ার ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। রাষ্ট্রের সর্বত্র দলীয়করণ থেকে মুক্তি পেতে জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে হবে।
তিনি আরও বলেন, পল্লীবন্ধু এরশাদের শাসনামল একটি সোনালী অধ্যায়। তাঁর উন্নয়ন ও স্মৃতি এ দেশের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।
উপজেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মো. আব্দুল্লাহ’র পরিচালনায় আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম উপরোক্ত কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাপা’র সহসভাপতি আরজ আলী,সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলু, উপজেলা যুবসংহতির সভাপতি মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. এখলাছ মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম, জাপা নেতা মাশুক মিয়া, জায়ফর আলী, সামছু মিয়া, সিরাজ উদ্দিন, গোলাম মোস্তফা, সেলিম উদ্দিন, সোলেমান সিদ্দিক, সোহেল আহমদ, আলী হোসেন প্রমুখ।
গণভোজন শেষে জাপা নেতা আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
সারাদেশসংবাদ/হান্নান






