কোম্পানীগঞ্জ নৌকা ডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
শাহিন আলমঃ-(কোম্পানীগঞ্জ প্রতিনিধি)
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ৬:৪১ অপরাহ্ণসিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় হাওরে প্রবল স্রোতে নৌকা ডুবে নিখোঁজ ফরিদ মিয়ার (৪৩) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ২টায় স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে ফরিদ মিয়ার লাশ।
ফরিদ মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত ছায়েব আলীর পুত্র। তিনি ছাতক উপজেলার ইছামতী নদীতে চুনাপাথর শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে লম্বাকান্দি গ্রাম হতে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে যাত্রা করেন। সাতবিলা হাওরের বেড়িবাঁধের নিকটে ইঞ্জিন চালিত নৌকা পৌঁছালে প্রবল স্রোত ও ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এতে করে নৌকায় থাকা ৪৪ জন সাঁতার কেঁটে তীরে উঠলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যায় নি।
বুধবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবরি দল খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ মেলেনি ফরিদ মিয়ার। বুধবার স্থানীয় জেলেরা মাছ ধরতে গেলে তাদের জালে ধরা পড়ে নিখোঁজ ফরিদ মিয়ার লাশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সিলেটসংবাদ/হান্নান






