শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষার সুযোগ পেল শাহীন
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
রেজিস্ট্রেশন জটিলতার কারণে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল সিলেটের কানাইঘাট উপজেলার শিক্ষার্থী শাহীন আহমেদের। তবে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত সে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
বুধবার (১ এপ্রিল) তার ফরম পূরণ ও রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ফলে আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় সে মানবিক বিভাগ থেকে অংশ নিতে পারবে।
শাহীন আহমেদ কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর সে মানবিক বিভাগে ভর্তি হয়ে নিয়মিত পড়াশোনা করে আসছিল। কিন্তু এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় দেখা যায়, তার রেজিস্ট্রেশন কার্ডে তাকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে দেখানো হয়েছে। এতে তার পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। পরে গত ২৯ মার্চ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা সচিবের কাছে আবেদন করেন শাহীন। বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত সিলেট শিক্ষাবোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর জানান, শিক্ষামন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই শাহীন ও তার বিদ্যালয়ের শিক্ষককে বোর্ডে ডেকে আনা হয়। পরে বোর্ডের অর্থায়নে তার ফরম পূরণ ও রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়।
শাহীন আহমেদ বলেন, রেজিস্ট্রেশন কার্ডে ভুল দেখে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। পরে আবেদন করার পর দ্রুত সমাধান পাওয়ায় আমি কৃতজ্ঞ। এর ফলে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে তার সব অনিশ্চয়তার অবসান হয়েছে।
এম এইচ আ




