শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা
সিকডে
প্রকাশিত হয়েছে : 10 January 2024, 10:37 AM
শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ জনের সংসদ সদস্যরা। এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করান।
এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ নিতে এদিন সকাল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। স্পিকার পথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।
সংশ্লিষ্টরা জানান, শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। তারা দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় অংশ নেবেন।
এর আগে গতকাল দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের গেজেট নির্বাচন কমিশন অনুমোদন করেছে।
গেজেট প্রকাশ নিয়ে ইসি আলমগীর বলেন, ৩০০ সংসদীয় আসনের মধ্যে নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের নির্বাচনের জন্য নতুন করে শিডিউল দেয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর ময়মনসিংহের একটি কেন্দ্রে ফলাফল স্থগিত রাখা হয়েছে। সেই নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি।
জাতীয়/হান্নান




