সারাদেশে ৩৩৮ ওসিকে বদলির অনুমোদন দিয়েছে ইসি
সিকডে
প্রকাশিত হয়েছে : 07 December 2023, 2:23 PM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে মোট ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির বিষয়ে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসি।
এর আগে দেশের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল ইসি। ওই চিঠির ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়েছে ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বদলির তালিকার বিষয়ে বুধবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদেরকে বদলি করা হবে সেই প্রস্তাব পাঠাতে বলে সংস্থাটি।
ইসি নির্দেশনার প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হলে প্রথম ধাপে বদলির অনুমোদন দেয় ৪৭ জন ইউএনওকে। অনুমোদনের অপেক্ষায় রয়েছেন আরও ২০ জন। এসময় কোনো ওসিকে বদলি করা হয়নি।
জাতীয়/হান্নান




