সিলেটের সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল নিক্ষেপ
সিকডে
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ণসিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বত্তরা।
২১ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় তার বাসার গেটের সামনে থেকে এই বিষ্ফোরণ ঘটানো হয়। তবে,এসময় আরিফুল হক চৌধুরী বাসায় ছিলেন না।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তিন জনের একটি দল বাসা লক্ষ্য করে ও গেটের সামনের রাস্তায় ককটেল বিষ্ফোরণ ঘটায়। এর মধ্যে বাসা লক্ষ্য করে একটি ও গেটের অদুরে রাস্তায় উপর দুটি ককটেল ফোটানো হয়। এসময় তাদের একজন মোবাইল ফোনে ঘটনার দৃশ্য ধারণ করছিলেন।
খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে আসে। সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, দূর্বৃত্তদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, আমার বাসার সামনে সকাল থেকে পুলিশ সদস্যরা রয়েছেন। তাদের উপস্থিতিতেই কিভাবে এ ঘটনা ঘটলো?
তিনি বলেন, পরিবার নিয়ে বাড়িঘরে থাকা নিরাপদ না। সিলেটে কখনো এই পরিবেশ ছিল না যে নেতাদের বাড়িঘরে হামলা।
নগরবাসীর কাছে বিচার চেয়ে আরিফ বলেন, আমার কী অপরাধ? এমন ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান তিনি।
সিলেটসংবাদ/হান্নান






