মেয়র আনোয়ারুজ্জামান সিলেট সিটির দায়িত্ব নিচ্ছেন আজ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১০:০০ পূর্বাহ্ণসিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণ করছেন আজ মঙ্গলবার (৭ নভেম্বর)।
দুপুর আড়াইটার দিকে নগরভবনের মেয়রের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
এরপর নগরভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
গত ২১ জুন অনুষ্ঠিত হয় সিসিক নির্বাচন। নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান।
জানা গেছে, দুপুর আড়াইটার দিকে নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জমান চৌধুরীর হাতে দায়িত্বভার তুলে দিবেন।
এর আগে বাদজোহর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলরবৃন্দ হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন। সেখানে বিশেষ মোনাজাত শেষে তারা আড়াইটার আগে নগরভবনে যাবেন।
দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া চেয়েছেন।
তিনি বলেন, আধ্যাত্মিক নগরীর সর্বস্তরের মানুষের ভালোবাসায় আমি ধন্য। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই।
তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও সবার সহযোগীতাও চাই।
সিলেটসংবাদ/হান্নান






