গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : 29 August 2026, 6:23 PM
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ৩১ বস্তা জিরা ও পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা জব্দ করেছে পুলিশ। জব্দ করা জিরা ও নৌকার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে গোয়াইন নদীর তিতরাই থেকে ব্রিজ এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
গোয়াইনঘাট থানা-পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে জিরার একটি চালান নদীপথে বাংলাবাজার এলাকায় প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহলদল গোয়াইন নদীতে অবস্থান নেয়। পরে সদর ইউনিয়নের তিতরাই থেকে গোয়াইন নদীর ব্রিজ এলাকা পর্যন্ত অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা জিরার বস্তা ও নৌকা ফেলে পালিয়ে যান। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই সঙ্গে জিরা পরিবহনে ব্যবহৃত বারকি নৌকাটিও জব্দ করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার ফয়েজ, উপপরিদর্শক (এসআই) মো. মহি উদ্দিন। তাঁদের সঙ্গে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) পবিত্র দাস, সাধন চন্দ্র, নারায়ণ দাস ও তাপস কুমার মল্লিক।
এ ঘটনায় গোয়াইনঘাট থানার এসআই মো. মহি উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। তবে মামলায় কোন আইনের কোন ধারায় অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে পুলিশের দেওয়া তথ্যে অস্পষ্টতা রয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জব্দ করা ৩১ বস্তা জিরা ও বারকি নৌকার বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলছে।
ওসি আরও বলেন, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এম এইচ আ



