বিদেশে বসে উসকানি নয়, দেশে রাজনীতি করুন : নুর
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
বিদেশে অবস্থান করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি না দিয়ে দেশে ফিরে আইনসম্মত ও গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির পরিবর্তে রাজনৈতিক কর্মকাণ্ড দেশের আইন ও গণতান্ত্রিক ধারার মধ্যেই পরিচালিত হওয়া উচিত।
রবিবার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতর প্রধান গণের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন নুরুল হক নুর।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। এ হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, এমন ধ্বংসাত্মক ঘটনার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি ক্ষমতাবলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলায় দেশে তাদের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, বিদেশে থাকা এসব দুর্বৃত্তদের প্ররোচনায় পড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো মানুষের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। বরং তাদের দেশে যে সকল রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে কাজ করা বা নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করার পরামর্শ দেন নুরুল হক নুর।
- নীরব চাকলাদার



