ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আইন উপদেষ্টা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 10 September 2025, 8:24 PM
ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়ের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে কথা জানান আইন উপদেষ্টা। নিচে তার পোস্টটি দেওয়া হলো:
ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন। স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন তাদের অভিনন্দন। অভিনন্দনে এই নির্বাচনের ফলাফল মেনে নেয়া সকল অংশগ্রহনকারীদের।
ছাত্রশিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। আমি শুধু একটা কথা বলবো। এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধ্বস পরাজয় হয়েছে। হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে অগনিত শিবির কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানুষিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক।
আমি অবিরামভাবে এর তীব্র প্রতিবাদ করেছি। নানা হুমকি ও আক্রমন এসেছে, কখনো থামিনি।
২০২৪ সালের ফেব্রুয়ারীতে এই থিমের উপর ‘আমি আবুবকর’ নামের উপন্যাসও লিখেছি। এক বইমেলাতেই এটি ১১ বার মুদ্রন করতে হয়েছিল। তখন এর কারণ বুঝিনি, এখন বুঝতে পারছি।
শিবিরের নেতাদের প্রতি আমার অনুরোধ, গনঅভ্যূত্থানকারী সবাইকে নিয়ে একসাথে কাজ করুন। সলিমুল্লাহ হলে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময়ে হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙ্গা টেবিল চেয়ার দেখে বস্তির মতো লাগতো, ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা আর রুমগুলোর ভেতর তো উকি দিতেই ইচ্ছে হতো না।
কতোকিছু নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কতো সমস্যা এখানে। আশা করি ফ্যাসিষ্টমুক্ত এই বাংলাদেশে ঢাবি-র অন্তত আবাসিক শিক্ষাথীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করে যাবেন। দোয়া।




