রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 01 September 2025, 5:34 PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তার (সেনাপ্রধান) সাম্প্রতিক চীন সফরের বিষয়ে অবহিত করেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। রীতি অনুযায়ী সেনাপ্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সেই বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করতে হয়।
গত ২০ আগস্ট সেনাপ্রধান সরকারি সফরে চীনে যান। ২৮ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ আগস্ট রাতে সেনাপ্রধান দেশে ফেরেন। সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল শেন হুইসহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ম ও রীতিমাফিক হয়েছে।




