টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৪, ২:৩০ অপরাহ্ণ
দুইদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে পৌঁছান তিনি। পঞ্চম বার সরকার গঠনের পর সরকার প্রধান হিসেবে এটা তার প্রথম সফর। এর আগে সকাল নয়টার দিকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি।
জানা গেছে, টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে বিকালে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে নিজ বাড়িতেই থাকবেন তিনি। পরদিন রবিবার সকালে কোটালিপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শেখ হাসিনার আগমনকে ঘিরে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ জেলা। নেতাকর্মীরাও অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মুখিয়ে আছেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, ৭ জানুযারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তাই তাঁর আগমনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ খুশিতে উদ্বেলিত। কারণ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষের ভোটে তিনি পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এ কারণে এ দু’ উপজেলার মানুষের মধ্যে আনন্দ, উল্লাস ও উচ্ছ্বাসটা একটু অন্যরকম।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, আগামী ১৪ জানুযারী রবিবার প্রধানমন্ত্রী কোটালীপাড়ার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে নেতাকর্মীরা মন খুলে কথা বলবেন। প্রধানমন্ত্রী তাদের কথা শুনবেন ও বলবেন। তাঁর কাছে আমাদের কোন কিছু চাওয়া বা পাওয়ার নাই। আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া হলো আমাদের ভোটে নির্বাচিত হয়ে উনি পঞ্চম বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
তিনি আরো বলেন, কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে মঞ্চ ও প্যান্ডেল তৈরীর কাজ শেষ হয়েছে। এখানে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আর প্রধানমন্ত্রী কোটালীপাড়াবাসীকে শুভেচ্ছা জানাতে আসছেন এমন খবরে কোটালীপাড়া জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম বলেছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষে গোটা জেলাকে ঢেলে সাজানো হয়েছে। জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতা-কর্মীরা অপেক্ষায় রয়েছে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্যে। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় পৃথক দুইটি শুভেচ্ছা বিনিমিয় অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানাবেন।
জাতীয়/হান্নান





