সিলেট ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনা উদ্ধার,আটক ৪
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ৩:০৩ অপরাহ্ণ
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ৩৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে দুবাই থেকে আসা বিজি ২৪৮ নম্বর ফ্লাইট। এসময় কাস্টমস গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালালে আসনের নিচ থেকে বিশেষভাবে মোড়ানো সোনার বারগুলো উদ্ধার করেন। এসময় পেস্ট করা স্বর্ণও উদ্ধার করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এই চালান আটক করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, প্রাথমিক তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে আবারও তল্লাশি চালানো হতে পারে বিমানটিতে।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম জানান, উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ২৮০ পিস সোনার বার রয়েছে। যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম। এছাড়া ৬টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে। যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা বলে জানান তিনি।
তিনি জানান, বিমানের ৩২জে এবং ২১ এবিসি সিটের নিচ ও ওয়াশরুম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কাস্টমস কর্মকর্তা।
সিলেটসংবাদ/হান্নান





