নির্বাচন নিয়ে দেশ সংকটে: সিইসি
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৪:১৮ অপরাহ্ণপ্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ সংকটে। এই সংকট থেকে বের হয়ে আসতে হবে। এখানে সবাইকে সমভাবে দায়িত্বশীল হয়ে দায়িত্ব পালন করতে হবে। গণতন্ত্র বাঁচাতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। সোমবার (২৭ নভেম্বর) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্যের নির্বাচনী আইন বিধি ও কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ, হয় সফল না হয় ব্যর্থ হবো। অবিতর্কিত ফলাফল চায় কমিশন। তবে আমরা অবশ্যই সফল হবো। আমরা দেখতে চাই গ্রহণযোগ্য ভোট। পোলিংয়ে ১০ গুণ বেশি নজর রাখবেন। পোলিং হচ্ছে কাস্ট অব ভোট। বাক্সগুলো ওপেন করা হবে, সবাই প্রতিটি কেন্দ্রে চোখ রাখবেন।
দেশের গণতন্ত্রে মাঝে মাঝে ধাক্কা আসে উল্লেখ করে সিইসি বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা ভাবতে হবে। একটি দেশ বা জাতি একটি প্রজন্মকে নিয়ে থেমে থাকবে না। প্রজন্ম থেকে প্রজন্ম আসতে থাকবে। আমেরিকার গণতন্ত্র আড়াইশো বছরের। বিলেতের গণতন্ত্র ৩শ’ থেকে ৪শ’ বছরের। বিলেতের ইতিহাস হয়তো দেড় হাজার থেকে দুই হাজার বছরের কিন্তু তাদের গণতন্ত্র টিকে আছে অন্তত ৩০০ বছর ধরে। আমাদের গণতন্ত্র কিন্তু নতুন। মাঝে মাঝে ধাক্কা আসে। সামরিক শাসন, গণঅভ্যুত্থান ইত্যাদি হয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় এখনও স্থিরভাবে আমরা ৫০ বছর এগুতে পারিনি।
তিনি আরো বলেন, আমরা দেখতে চাই ভোটাররা আসছেন বা আসতে পারছেন। পথে বা বাড়িতে কেউ তাদের বাধা দিচ্ছে না। যদি বাধা দেয়া হয় তাহলে নির্বাচন প্রভাবিত হয়ে যায়। নির্বাচন অবাধ হলো না। আমরা দেখতে চাই তারা সকল কেন্দ্রে লাইন ধরে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে নির্বাচনকে বাঁচিয়ে রাখতে হবে। নির্বাচন ঘিরে রাজনীতি দ্বিধাবিভক্ত। গ্রহণযোগ্য নির্বাচন জনগনকে গ্রহণ করতে হবে। যদি মানুষ বলে ভোট ভালো হয়েছে তবে সেটি গ্রহণযোগ্য হবে। আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। অর্থনীতিসহ অনেক কিছু ঠিক রাখতে গ্রহণযোগ্য নির্বাচন লাগবে।
উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজনীতি/হান্নান






