নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে কমনওয়েলথের প্রতিনিধি দল
সিকডে
প্রকাশিত হয়েছে : 19 November 2023, 1:09 PMআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ঢাকায় সফররত কমনওয়েলথের চার সদস্যের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল। রবিবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। এতে কমনওয়েলথের রাজনৈতিক বিভাগের নির্বাহী কর্মকর্তা জিপ্পি ওজাগো, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডিউই মালেলেখা, সহ-গবেষণা বিষয়ক কর্মকর্তা সারর্থাক রয় ও রাজনৈতিক উপদেষ্টা এবং প্রধান লিনফর্ড অ্যানড্রিউস উপস্থিত আছেন।
জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে কমনওয়েলথের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে। এর আগেও ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের একটি সংস্থাসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ভোট পর্যবেক্ষণ নিয়ে বৈঠক করেছে ইসি। কমনওয়েলথের প্রতিনিধি দল আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। সফরকালে তারা পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে সিইসি বলেছিলেন, প্রাক নির্বাচনী পর্যবেক্ষক মিশনের পর নির্বাচনের সময়ও কমনওয়েলথ সচিবালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে তিনি আশা করছেন। এমন এক সময় কমনওয়েলথ সচিবালয়ের প্রতিনিধিরা সফর করছেন, যখন ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল করছে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা দলটি গত ২৮ অক্টোবরের পর থেকেই ধারাবাহিকভাবে হরতাল-অবরোধেরে মত কর্মসূচিতে আছে। আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
রাজনীতি/হান্নান





