মত পাল্টান, দরজা খোলা আছে
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৩, ২:৩৪ অপরাহ্ণবিএনপিও যদি মত পরিবর্তন করে নির্বাচনে আসে তাহলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। বিএনপিকে বলবো, মত পাল্টে নির্বাচনে অংশ নিন। দরজা খোলা আছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, সরকার পতনের এক দফা দাবিতে সহিংস আন্দোলন ত্যাগ করে বিএনপি ভোটে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত জানাবে। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। তাই এখনো আমরা সবাইকে নির্বাচনে আসার আহ্বান জানাই। নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই। তবে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সকলের জন্য নির্বাচনের দরজা খোলা আছে। আসুন, অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের মাধ্যমে একটি অর্থবহ সংসদ নির্বাচন করতে সমর্থ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের বিধিবিধান, গণতান্ত্রিক রীতিনীতি পালন করতে প্রতিশ্রুতি ব্যক্ত করছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
রাজনীতি/হান্নান






