সিলেটে অবরোধের প্রথমদিনে বাসে আগুন দেয়ার চেষ্টা
সিকডে
প্রকাশিত হয়েছে : 31 October 2023, 12:28 PMবিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সিলেটে শ্যামলী পরিবহনের বাসেটিতে আগুন দেয়ার চেষ্টা করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা যাত্রীবাহী বাসও ভাঙচুর করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পিকেটাররা পালিয়ে যায়।এদিকে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বাস চলাচলে বাধা দিচ্ছে পিকেটাররা। সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা।
এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মহাসড়কে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি। সকালে দক্ষিণ সুরমার আতিবাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা।
এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, আমরা মানুষের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত পুলিশ। কেউ নাশকতার চেষ্টা করলে দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, গালিমপুরে একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছিলো। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকেটাররা পালিয়ে যায়। কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এছাড়া সকাল থেকে নগরের বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান এপিসি। নগরে সিএনজি অটোরিকশা, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। তবে মহাসড়কে যান চলাচল একেবারেই কম।
সিলেটসংবাদ/হান্নান





