শ্রমবাজার দ্রুত চালু করবে সরকার: সিলেটে জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত সময়ের মধ্যে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমবাজার পুনরায় সচল করতে সরকার কাজ করছে। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ে।
তিনি আরও জানান, সম্প্রতি মালয়েশিয়া সফরে অনুষ্ঠিত বৈঠক ও জয়েন্ট ভেঞ্চার স্বাক্ষর ফলপ্রসূ হয়েছে। তাঁর ভাষায়, “আলোচনাগুলো ইতিবাচক হয়েছে এবং দ্রুতই এর সুফল পাওয়া যাবে।”
সভায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ছিনতাই ও রাহাজানি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান উন্নতি আনার নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ যাত্রী হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।




