জৈন্তাপুরে অভিযান, ১৪ হাজার ঘনফুট বালু জব্দ ও নিলাম
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে মজুদ রাখা ১৪ হাজার ঘনফুট বালু জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রি করেছে প্রশাসন। অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকার রাংপানি কলেজের পেছনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন পলি রানী দেব, সহকারী কমিশনার (ভূমি), জৈন্তাপুর। এ সময় বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে অবৈধভাবে মজুদ করা বালু জব্দ করা হয় এবং পরে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।




