পানির তোড়ে ভেঙে যাওয়া বাঁধ রক্ষা করলেন হাজারো কৃষক
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ জেলার দেখার হাওরের গুজাউনি ফসলরক্ষা বাঁধ ভেঙে পড়ার মুখে পড়লেও হাজারো কৃষকের সম্মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত তা রক্ষা পেয়েছে। প্রায় আট ঘণ্টার টানা পরিশ্রমে বাঁশ, জিও ব্যাগ ও বস্তা ফেলে বাঁধটি মেরামত করেন তারা।
কৃষকেরা জানান, শনিবার সকালে বাঁধের একটি অংশ ভেঙে গেলে হাওরের গোবিন্দপুর অংশে পানি ঢুকতে শুরু করে। সময়ের সঙ্গে পানির প্রবাহ বাড়তে থাকায় কিছু জমির ফসল তলিয়ে যায়। খবর পেয়ে সকাল থেকেই আশপাশের এলাকার কৃষকেরা বাঁধ রক্ষায় নেমে পড়েন।
বেলা ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে মেরামতকাজ। স্থানীয়দের ভাষ্য, বাঁধটি এখনো ঝুঁকিমুক্ত নয় এবং যেকোনো সময় আবার ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জানান, বাঁধটি ভেঙে গেলে হাওরের ব্যাপক ফসলহানি হতো। এলাকার মানুষ নিজেদের উদ্যোগেই বাঁধটি রক্ষা করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, এটি তাদের আওতাধীন কোনো বাঁধ নয়; স্থানীয় কৃষকেরাই প্রয়োজন অনুযায়ী বাঁধ নির্মাণ ও মেরামত করেন। তবে পরিস্থিতি বিবেচনায় বাঁধে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে সাম্প্রতিক বৃষ্টিতে হাওরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন নিয়ে বিভিন্ন স্থানে বাঁধ কাটা ও পুনর্নির্মাণের ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, বাঁধটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কয়েক দিনের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হওয়ার কথা রয়েছে।
এম এইচ আ





