আইপিএলে ক্রিকেটের চেয়ে বেশি হয় সিনেমা’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার রাইলি রুশো আইপিএল ও পিএসএলের তুলনায় বিস্ফোরক এক মন্তব্য করে বসেছেন। পিএসএলের ১১তম আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা এই ব্যাটার জানালেন, আইপিএলে ক্রিকেটের চেয়ে বেশি হয় সিনেমা!
রুশো বলেছেন, ‘দুটো লিগেরই ভালো ও খারাপ দিক আছে। আইপিএল অনেক লম্বা টুর্নামেন্ট। আর পিএসএল অনেক ছোট ও ঘন সাজানো, যেখানে প্রতিযোগিতা অনেক বেশি তীব্র। আইপিএলে বলিউডের বড় সংযোগ থাকায় সেটা আসল ক্রিকেটের চেয়ে সিনেমার মতো বেশি হয়ে যায়।’
এর আগে করাচি কিংসের হয়ে খেলা অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পাও পিএসএলকে আইপিএলের চেয়ে প্রাধান্য দেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন। জ্যাম্পা বলেছিলেন, দুই মাসের টুর্নামেন্টে একজন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তার দক্ষতা ও প্রভাব আইপিএলে সঠিকভাবে মূল্যায়িত হয় না।
আইপিএলে রুশোর যাত্রা ছিল ওঠানামার। ২০১১ সালে প্রথমবার নিলামে ওঠেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে কিনলেও সেই মৌসুমে খেলার সুযোগ পাননি। ২০১৪ সালে প্রথম আইপিএল ম্যাচ খেলেন। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের হয়েও মাঠে নেমেছেন। ২২টি আইপিএল ম্যাচে ২৩.৬৫ গড়ে ৪৭৩ রান করেছেন, স্ট্রাইক রেট প্রায় ১৫৩। সর্বোচ্চ ৮২ নটআউট।
২০২৪ সালে পাঞ্জাব কিংস তাকে ৮ কোটি রুপিতে কিনেছিল। কিন্তু ২০২৫ মৌসুমের আগে ছেড়ে দেয়। ২০২৫ মেগা নিলামে ২ কোটি রুপি বেস প্রাইসে নাম নথিভুক্ত করলেও কোনো দল কেনেনি।
পিএসএল ২০২৬-এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স তাকে ৫৫.৫ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে। চারটি ম্যাচে ১৯.৭৫ গড়ে ৭৯ রান করেছেন। ১০ এপ্রিল রাওয়ালপিন্ডির বিপক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন।
এম এইচ আ




