সিলেটে ছিনতাই আতঙ্ক: দিন-দুপুরে সংঘবদ্ধ চক্রের দাপট
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
সাম্প্রতিক সময়ে সিলেট নগরীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মোবাইল ফোন, নগদ অর্থ, এমনকি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার ঘটনাও বেড়েছে। অনেক ক্ষেত্রে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
নগরীর ব্যস্ত সড়ক থেকে নির্জন অলিগলি—কোথাও যেন নিরাপত্তার নিশ্চয়তা নেই। দিন-দুপুরেই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র পথচারী ও যাত্রীদের টার্গেট করছে। ফলে সাধারণ মানুষ ভয়ের মধ্যে দিন পার করছে বলে অভিযোগ উঠেছে।
নগরবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।
তবে পুলিশের দাবি ভিন্ন। তাদের মতে, আগের যেকোনো সময়ের তুলনায় নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। ছিনতাই ঠেকাতে টহল জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান চলছে।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, কোনো ঘটনা ঘটলেই সাময়িকভাবে পুলিশের তৎপরতা বাড়ে। কিছুদিন অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা দ্রুত জামিনে বেরিয়ে আসে। ফলে পরিস্থিতির স্থায়ী উন্নতি হচ্ছে না। দ্রুত বিচার প্রক্রিয়ার অভাব ও আইনের ফাঁকফোকরকে এজন্য দায়ী করছেন তারা।
সর্বশেষ গত শনিবার সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাইয়ের শিকার হন বালাগঞ্জ সরকারি কলেজের প্রভাষক অহী আলম রেজা। তিনি জানান, তাঁর তিন বছরের শিশুসন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে যাত্রীবেশী ছিনতাইকারীরা ছুরি দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এর আগে নগরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় নগরবাসীর উদ্বেগ আরও বেড়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মহানগরের বিভিন্ন থানায় বিপুল সংখ্যক ছিনতাইকারী ও চোর গ্রেপ্তার হয়েছে। পুলিশের তালিকায় ২৬৩ জন ছিনতাইকারী চিহ্নিত রয়েছে, যাদের মধ্যে ৪৭ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। বাস্তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো।’
তবে নগরবাসীর মতে, বাস্তব পরিস্থিতি ভিন্ন। তাদের দাবি, কার্যকর ও স্থায়ী পদক্ষেপ ছাড়া ছিনতাইয়ের এই প্রবণতা রোধ করা সম্ভব নয়।
এম এইচ আ





