কেরানীগঞ্জে আগুন : এখনো চলছে উদ্ধার কাজ, তদন্ত কমিটি গঠন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবারও সেখানে উদ্ধার কাজ চলমান রয়েছে।
এদিকে এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ৫ জনের মরদেহ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছিলেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণকাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।




