বিশ্ববাজারে জ্বালানি দাম বাড়লেও দেশে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও আসন্ন ঈদযাত্রা বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এর প্রভাব পড়বে না।
শনিবার (১৪ মার্চ) সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠে শ্রমজীবী পরিবারের মধ্যে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বাড়লেও দেশে ঈদযাত্রায় এর প্রভাব পড়বে না। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। তিনি বলেন, “আমরা শান্তির পক্ষে। আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।”
এর আগে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সিলেট নগরের বিভিন্ন সমস্যাও ধাপে ধাপে সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং আয়োজক শফিকুর রহমান সুমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
সিলেট সংবাদ/আবির

