জগন্নাথপুরে কলাগাছ পড়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কলাগাছ পড়ে যাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় নারী ও বৃদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর (আলীনগর) গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন—মৃত সুনা উল্লাহর ছেলে আব্দুল গফুর, ওয়াব উল্লাহর মেয়ে আলেয়া বেগম, আব্দুল গফুরের মেয়ে রুবেনা বেগম, জুমা বেগম ও কুশবা বেগম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঝড়ের সময় আব্দুল গফুরের একটি কলাগাছ পাশের জমিতে পড়ে যায়। ওই জমির দেখভালের দায়িত্বে থাকা বাবুল মিয়ার পক্ষের লোকজন এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল গফুরের বাড়িতে ঢুকে হামলা চালায়। সে সময় বাড়িতে পুরুষ সদস্য না থাকায় চারজন নারীসহ পাঁচজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আব্দুল গফুরের বড় মেয়ে রুনা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাবুল মিয়ার লোকজন তাঁদের পরিবারের ওপর বিরূপ আচরণ করে আসছিল। কলাগাছ জমিতে পড়াকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে তাঁর বাবা, মা ও বোনদের মারধর করা হয়। এ সময় ঘর থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় তিনি জগন্নাথপুর থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।
অভিযোগের বিষয়ে জানতে বাবুল মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট সংবাদ/আবির




