ইরানি হামলায় নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন, মুখ খুলল ইসরায়েল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবরকেসম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব।
গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছিল, ইরানের সাম্প্রতিক বিমান হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখিয়ে দাবি করা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী ছাড়াও তার ভাই ইদ্দো নেতানিয়াহু এবং দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভির প্রাণ হারিয়েছেন। তবে ইসরায়েলি সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে, এই খবরগুলো কেবলই প্রোপাগান্ডা এবং প্রধানমন্ত্রী সুস্থ শরীরে নিজের দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।
এই গুজবের সূত্রপাত মূলত ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদন থেকে। সেখানে দাবি করা হয়, গত কয়েকদিন ধরে নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা যাচ্ছে না এবং তার কার্যালয় থেকে নতুন কোনো ভিডিও বার্তা প্রকাশিত হয়নি। এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের পূর্বনির্ধারিত ইসরায়েল সফর বাতিল এবং ফরাসি প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোনালাপের কোনো ভিডিও প্রমাণ না থাকায় ইরানি সংবাদমাধ্যমটি তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলে। ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয় যে, তাদের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র সরাসরি নেতানিয়াহুর কার্যালয়ে আঘাত হেনেছে।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই সকল দাবি নাকচ করে জানিয়েছে, জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো হামলার ঘটনা ঘটেনি। বিভ্রান্তি দূর করতে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি নেতানিয়াহু বেইত শেমেশ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাতের স্থান পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি জনসাধারণের উদ্দেশে বক্তব্যও দিয়েছেন। ইসরায়েল স্পষ্ট করেছে, তাদের শীর্ষ নেতৃত্ব সুরক্ষিত আছে এবং দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।




