সিলেটসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
সিলেটসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সিলেট সিটির প্রশাসক করা হয়েছে জেলা বিএনপির সভাপতি আব্দুল আইয়ুম চৌধুরীকে।
ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ( সিটি কর্পোরেশন-১ শাখা)। প্রজ্ঞাপন জারির তারিখ ২২ ফেব্রুয়ারি।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন— মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন); মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর সিটি করপোরেশন); নজরুল ইসলাম মঞ্জু (খুলনা); আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট); মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ); মো. শওকত হোসেন সরকার (গাজীপুর)।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (১)–এর অনুবৃত্তিক্রমে এই ছয়জনকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জাতীয়/আবির




