‘বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে শপথই নেবে না জামায়াত’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামীর সদস্যরা কোনো শপথ নেবেন না।
আজ মঙ্গলবার দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমে এ কথা জানিয়েছেন।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।
এদিকে সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।’
দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে।’




