বরিশাল নতুল্লাবাদ থেকে দূরপাল্লার যানবাহন ছাড়তে শুরু করেছে। দুইদিন গাড়ি চলাচল বন্ধ থাকার পরে শুক্রবার দুপুর তিনটা থেকে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি চলাচল শুরু হয়।
সরেজমিনে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়। ভোটাধিকার প্রয়োগ করে সকলেই ছুটছে কর্মস্থলের উদ্দেশ্যে।
যাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। তবে যাত্রী নিরাপত্তা ও ভাড়া নিয়ন্ত্রণে নতুল্লাবাদ বাস টার্মিনালে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা ছিল আজ শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত নিজ এলাকা থেকে অন্য এলাকায় প্রবেশ করা যাবে না।
যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তবে শুক্রবার দুপুর থেকে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে জড়ো হতে শুরু করেছে সাধারণ মানুষ।ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সুপ্রদীপ হালদার। তার গ্রামের বাড়ি সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কামারপাড়া গ্রামে, ছুটি নিয়ে এসেছিলেন ভোট দিতে।
শনিবার তারক যোগ দিতে হবে কর্মস্থলে।সুপ্রদ্বীপ বলেন, ভোট দিয়ে সন্তুষ্ট। তবে এখন ফিরতে দ্বিগুণ ভাড়া চাচ্ছে বাসে। ঢাকা যেতেই হবে। তাই ৫০০ টাকার টিকেট ৭০০ টাকায় নিলাম।
সরকারি চাকরিজীবী রহিম খান যাবেন গুলিস্তান। বিআরটিসি বাসে টিকেট কাটতে গেলে তার কাছে ৭০০ টাকা দাবি করে। তিনি সামনে সেনাবাহিনীকে পেয়ে অভিযোগ করেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় সেনাবাহিনী।
কেবল দূরপাল্লার গাড়িগুলো নয়, বাড়তি ভাড়া নিচ্ছে আভ্যন্তরীণ রুটের পরিবহন ও গণপরিবহনগুলো। কারণ, যারা ঢাকায় যাবেন তাদের প্রত্যেককেই নতুল্লাবাদ বাস টার্মিনালে এসে বাস ধরতে হবে অথবা নতুল্লাবাদ হয়ে লঞ্চযোগে ঢাকায় যেতে হবে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে পরিবহন কর্তৃপক্ষ। এক লাফে ভাড়া দ্বিগুণ করা হয়েছে।