ভোটকেন্দ্র দখল ও সংখ্যালঘু ভোটারদের হুমকির অভিযোগ বিএনপির
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
সিলেটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে একটি বিশেষ রাজনৈতিক দল ভোটকেন্দ্র দখলসহ নানা বেআইনি তৎপরতার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছে দলটি।
শনিবার দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনটি সিলেট–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে একটি বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার একাধিক ভোটকেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার এবং সশস্ত্র মহড়ার মাধ্যমে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। যেসব কেন্দ্রে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেগুলোর তালিকা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় শিশু-কিশোরদের ব্যবহার করা হচ্ছে এবং প্রকাশ্য জনসভায় ধর্মকে কাজে লাগিয়ে বেহেশতের প্রলোভন দেখিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে, যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি প্রতিপক্ষ প্রার্থীর পক্ষ থেকে অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এ সংক্রান্ত প্রমাণ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং এ উদ্দেশ্যে ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
এদিকে, এসব অভিযোগের ধারাবাহিকতায় শুক্রবার রাতে সিলেট জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলমের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা। রাত পৌণে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা এ বিষয়ে সাক্ষাৎ করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বী ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে নির্দেশ দিয়ে হুমকি-ধমকি দিচ্ছে। তবে অভিযোগের স্বার্থে ওই দলের নাম গণমাধ্যমকে জানানো হয়নি।
এছাড়া তারা অভিযোগ করেন, পোস্টার ও ব্যানার সংক্রান্ত ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা লঙ্ঘন হলেও কেবল বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অন্য প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে-যা বৈষম্যমূলক আচরণের শামিল।
বিএনপি নেতারা জানান, রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম মনোযোগ সহকারে তাদের বক্তব্য শুনেছেন এবং উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, স্বেচ্ছাসেবক দল জেলা সভাপতি আব্দুল আহাদ খান জামালসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সিলেট সংবাদ/আবির





