জামায়াত আমির জাতির উদ্দেশে ভাষণ দেবেন ৯ ফেব্রুয়ারি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় এই ভাষণ দেবেন তিনি।
আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম।
জামায়াত জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন।
ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রার্থনা করে আবেদন দাখিল করা হয়েছে।
জামায়াতের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বলেন, ‘আমরা আশা করছি, প্রধান নির্বাচন কমিশনার জামায়াত আমিরের ভাষণটি নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন প্রদান করবেন।’




