কানাইঘাটে মোটরসাইকেলে ধাক্কা: খুন হলেন অটোরিকশা চালক
কানাইঘাট সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ
সিলেটের কানাইঘাট উপজেলায় মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনার পর উত্তেজিত জনতা ওই যুবকের মোটরসাইকেলটিতে আগুন দেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছবাড়ী বাজারে পল্লীবিদ্যুৎ মোড়ের অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আলমগীর হোসেন (৩২)। তিনি উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের প্রয়াত আলী আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগার জেরে চালক আলমগীর হোসেনকে ছুরিকাঘাত করেন ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, খুনের ঘটনায় অভিযুক্ত সাদিক আহমদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে। খুব শিগগিরই হত্যাকারীকে আটক করা হবে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেটসংবাদ/হান্নান





